জল্পনার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পাটনার ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে রেকর্ড গড়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছেন নীতীশ কুমার।
বৃহস্পতিবার বিহারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ-র শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবার ঐতিহাসিক গান্ধী ময়দানে সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর মঞ্চেই নীতীশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন এদিন।
একই সঙ্গে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা। এছাড়াও শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরী, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং অশোক চৌধুরীরা।


