মুম্বই থেকে বড় খবর! শেষমেশ সত্যিই ভেঙে গেল স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে। বহুদিনের গুঞ্জনে সিলমোহর দিয়ে ভারতীয় মহিলা ওয়ান ডে দলে ভাইস ক্যাপ্টেন স্মৃতি নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন সিদ্ধান্তের কথা। গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা চলছিল। স্মৃতির বাবার হঠাৎ অসুস্থতা, পলাশের অন্য এক মেয়ের সঙ্গে ভাইরাল চ্যাট—একাধিক বিতর্কের মাঝে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবার স্পষ্ট জানিয়ে দিলেন স্মৃতি—বিয়ে সম্পূর্ণ বাতিল। তবে কারণ ব্যাখ্যা করতে নারাজ তিনি।

নিজের পোস্টে স্মৃতি লিখেছেন—
“গত কয়েক সপ্তাহে আমার জীবনে অনেক কিছু ঘটেছে। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। আমি সাধারণত খুব ব্যক্তিগত জীবন পছন্দ করি। কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলা জরুরি—আমার বিয়ে বাতিল হয়েছে। এই প্রসঙ্গ এখানেই শেষ হোক, সবার কাছে সেই অনুরোধ।”
এতেই থেমে থাকেননি বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটার। তিনি আরও লিখেছেন—
“এই পরিস্থিতিতে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের নিজেদের মতো করে এগিয়ে যেতে দিন। দেশের হয়ে খেলা—এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। যতদিন সম্ভব ভারতকে প্রতিনিধিত্ব করতে চাই, আরও ট্রফি জিততে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এখন সামনে তাকানোর সময়।”
উল্লেখ্য, স্মৃতি ও পলাশের বিয়ে হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২৩ নভেম্বর। পরিবার, বন্ধুরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন বাড়িতে। হলুদ, মেহেন্দি, সঙ্গীত—সব অনুষ্ঠানই শেষ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের নাচের ভিডিওও। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যে সবকিছু পাল্টে গেল। বিয়ের স্বপ্ন এখন শুধুই স্মৃতি হয়ে রইল ভারতীয় ওপেনারের জীবনে।


