আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সূত্রের খবর, সকাল থেকে শুটিং চলার পর বিকেলের দিকে কাজ শেষ হয়। এরপর একসময় অভিনেতা একাই সমুদ্রে নামেন। সেই সময় তাঁর সহকর্মীরাও কাছাকাছি ছিলেন, তবে কেউ জলে নামেননি। হঠাৎই দেখা যায়, জলের মধ্যে সমস্যায় পড়েছেন তিনি। আশঙ্কা করা হচ্ছে, সমুদ্রের বালিতে পা আটকে যাওয়ায় ভারসাম্য হারান, আর ঠিক তখনই ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক সহ-অভিনেত্রী বিপদ বুঝে চিৎকার করে অন্যদের ডাকেন। দ্রুত সবাই ছুটে এসে তাঁকে জলের বাইরে তোলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধার করার সময়ও তাঁর শ্বাস চলছিল, তবে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
তৎক্ষণাৎ তাঁকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, পানিতে ডোবার পর শারীরিক জটিলতা, এমনকি হৃদ্রোগজনিত সমস্যাও দেখা দিতে পারে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, এবং স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হলেও, কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অকালপ্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক।


